সাভার প্রতিনিধি : সাভার পৌরসভার দুই কর্মকর্তার মধ্যে এক ফাইলের জন্য গ্রাহকের পাঁচ হাজার টাকা নিয়ে কাজ না করার কারণে মারধরের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে সাভার পৌর কার্যালয়ে এ ঘটনাটি ঘটে।
ওই দুই কর্মকর্তা হলেন- কর আদায়কারী নজরুল ইসলাম ও নাজমুল।
জানা গেছে, চলতি বছরের জুন মাসে পৌর এলাকার দক্ষিণ দরিয়াপুর মৌজার ১১৮ হোল্ডিংয়ের মালিকানা পরিবর্তনের জন্য জৈনক হাকিম আলী সরদার আবেদন করে। ওই আবেদনে কর আদায়কারী নজরুল ইসলাম গ্রাহকের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে ১১৫০টাকার রশীদ দিয়ে কাজটি পেন্ডিং রাখেন। পরে আজ দুপুরে ওই ফাইলটি কেন সমাধান করা হয়নি নাজমুল নজরুলের কাছে জিজ্ঞাসা করে। এর এক পর্যায়ে তাদের মধ্যে বাক-বিতন্ডার ঘটনা ঘটে। সে সময় দুই কর্মকর্তা মধ্যে মারধরের ঘটনা ঘটে।
ঘটনার সময় উপস্থিত সাভার পৌরসভার সহকারী কর নির্ধারক তন্দ্রা ইয়াসমিন ঢাকা পোস্টকে বলেন, নাজমুল ভাই ও নজরুল ভাই দুপুরে কথা কাটাকাটি করে। পরে তারা দুইজন উত্তেজিত হয়ে একটু হাতাহাতি করেছে। মূলত একটি ফাইলকে নিয়ে এঘটনা ঘটেছে। তবে ঘুষের টাকাকে কেন্দ্র করে এঘটনা ঘটেছে কি না? সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি অস্বীকার করেন তিনি।
অপরদিকে নাজমুল বলেন, ‘একটি ফাইলের কাজ না করে ফেলে রেখেছে। এবিষয়ে নজরুলকে জিজ্ঞাসা করতে গেলে সে আমার হাতে ঘুষি মারে। আমি মারতে পারি নাই। ওনি এসে আমাকে অ্যাটাক করছে। মূলত ৫ হাজার টাকা নিয়ে ১১৫০ টাকার রশিদ দিয়েছেন তিনি। তাই তাকে জিজ্ঞেস করায় এঘটনা ঘটেছে’ বলে জানান তিনি।
তবে মারামারি ঘটনার পরেই নজরুল পৌরসভার কার্যালয় ত্যাগ করেন। এ বিষয়ে তার মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। কোনো মারামারি হয়নি বলে জানান তিনি।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সরকার বলেন, দুই কর্মকর্তার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে আগামী সাত কার্য দিবসে প্রতিবেদন জমা দিতে বলে হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।