রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জুনাইল গ্রামের তিন যুবক দীর্ঘ চার বছর ধরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলার লখনৌ সেন্ট্রাল জেলে আটক রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকা যাওয়ার উদ্দেশ্যে দালালের প্রলোভনে পড়ে তারা অবৈধ পথে ভারতে প্রবেশ করলে ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে। এরপর থেকেই তারা ভারতের লখনৌ সেন্ট্রাল কারাগারে বন্দি রয়েছেন।
আটক যুবকেরা হলেন— মাদারগঞ্জ পৌরসভার জুনাইল পক্ষীমারি এলাকার মো. সোনা মন্ডলের ছেলে মেহেদি (১৯), মো. জয়নাল মিয়ার ছেলে মমিন (১৮) এবং মো. রেজাউল করিমের ছেলে শাওন (১৬)। দীর্ঘদিন কারাভোগ করলেও তাদের মুক্তি বা আইনি সহায়তার বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি। বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও পরিবারের সদস্যরা কার্যকর কোনো সমাধান পাননি।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, দেশের নাগরিক হিসেবে মেহেদি, মমিন ও শাওনের মুক্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তারা মানবাধিকার সংগঠন, আইনজীবী, সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, দিন দিন এ পরিবারগুলো অসহায় হয়ে পড়ছে। বিদেশের মাটিতে বাংলাদেশি নাগরিকের বন্দি থাকা শুধু ওই পরিবারগুলোর নয়, বরং পুরো জাতির জন্যই বেদনাদায়ক। তাই দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে তাদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।