রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাযা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় উপজেলার এস এম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
গায়েবানা জানাযায় ইমামতি করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শেখ সাদিউর রহমান সাদি। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সম্পাদক মাওলানা আব্দুল বারী।
জানাযা-পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে নির্মম ও নৃশংস বলে উল্লেখ করেন। তারা বলেন, এ হত্যাকাণ্ড দেশের ন্যায়বিচার, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরহাদ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শেখ সাদিউর রহমান সাদি, উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী লেমন মিয়া, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হামিদুর রহমান, পৌর জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান সেলিম, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী, জেলা যুব শক্তির যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম, সিনিয়র সংগঠক সিয়াম আহমেদ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি রমজান আলী ও উপজেলা ছাত্রশক্তির সদস্য রকি রায়হান।
বক্তারা অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও সার্বভৌমত্বে বিদেশি—বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদী হস্তক্ষেপের অভিযোগ তুলে ধরেন।
তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দেশের স্বাধীনতা, জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠারও জোর দাবি জানান বক্তারা।