এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক, স্কুলব্যাগসহ নানা শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে ‘শীত আনন্দ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৯ জানুয়ারি দুপুরে বোদা উপজেলার পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুস্বর্গ ফাউন্ডেশন এই শীত আনন্দ উৎসবের আয়োজন করে। এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সহায়তায় ১ হাজার ২ শত ৮০ জন শিশু শিক্ষার্থীর হাতে এসময় একটি করে হুডি, উন্নতমানের স্কুলব্যাগ, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও দুপুরের খাবার হিসেবে খিচুড়ি বিতরণ করা হয়।
‘শীত আনন্দ উৎসব ‘ অনুষ্ঠানে পাচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাদিরা ইয়াসমিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হুমায়ুন কবির লায়ন, রায়হানুল প্রধান রিয়েল প্রমুখ।
বক্তারা শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে শীত মৌসুমে অসহায় দুস্থ মানুষের পাশে দাড়াতে বিত্তবানদের প্রতি আহবান জানান।
শিশস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আকন্দ বলেন, সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের শীতকালে যেন পড়াশোনায় ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যই পাচ ধাপে প্রায় ৭হাজার ৫ শত শিক্ষার্থীকে এই উপহার দেয়া হচ্ছে।