খন্দকার রোখসানা আহম্মেদ নীলা : বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রোল মডেল। তাঁর রেখে যাওয়া আদর্শই হবে আমাদের আগামীর চালিকাশক্তি। এই মহান নেত্রীর আদর্শ অনুসরণ করেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে। দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই।
তিনি আজ শনিবার সকালে দাউদকান্দি উপজেলা সদরে ‘ড.মারুফ ভিলা’ প্রাঙ্গনে বেগম খালেদা জিয়ার রূহের শান্তি কামনায় দোয়া মাহফিলপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।
দাউদকান্দি পৌর বিএনপি ও অঙ্গসংগঠন এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
ড.মোশাররফ বলেন, দেশ ও জাতির স্বার্থরক্ষায় বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত দৃঢ়চেতা ও আপসহীন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শী ভাবনা অসাধারণ। তিনি ছিলেন খাঁটি দেশপ্রেমিক এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী।
বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্মৃতিচারণ করে ড.মোশাররফ বলেন, তাঁর নেতৃত্ব ও আদর্শের গুণাবলী বর্ণনা করা এই স্বল্প পরিসরে সম্ভব নয়। দেশের কল্যাণে দেশনেত্রীর হঠাৎ চমকপ্রদ সিদ্ধান্ত দেখে মুগ্ধ হয়েছি,বিস্মিত হয়েছি। আগামীর নতুন বাংলাদেশ গড়তে বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও আদর্শকে দলের নেতাকর্মীদের গভীরভাবে অনুসরণ করতে হবে। তাহলেই সুস্থধারার পরিচ্ছন্ন রাজনীতি বিকশিত হবে।
তিনি বলেন, জাতীয় স্বার্থের বাইরে বেগম খালেদা জিয়া কখনও কাউকে ছাড় দেননি। তাঁর দেশপ্রেম ও দূরদর্শী ভাবনা ছিল সূদুরপ্রসারী। তিনি শুধু একটি দলের নেত্রী নয়, ছিলেন দলমত নির্বিশেষে আপামর জনগণের নেত্রী। তাঁর আদর্শ ও দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞ সকলের জন্য চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে।
বেগম খালেদা জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে তৃণমূলে বিএনপিকে আরও শক্তিশালী করতে ড.খন্দকার মোশাররফ দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে খালেদা জিয়ার রূহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।
বিশেষ অতিথি ড.খন্দকার মারুফ হোসেন বলেন,বেগম খালেদা জিয়ার ‘আপসহীন উপাধি’ জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এই মহিয়শী নারীর আদর্শকে লালন করে তারেক রহমান অগ্রপথিক হয়ে জাতিকে বলিষ্ঠ নেতৃত্ব দিবেন, দ্রুত এগিয়ে নিবেন- দেশের উন্নয়ন ও অগ্রগতি।
পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকারের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, প্রবীণ নেতা একেএম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহবায়ক মো. মোস্তাক সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার, কেন্দ্রীয় যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. মামুন হোসেন ভূঁইয়া,কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার প্রমুখ।