কুমিল্লা প্রতিনিধি : আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রবিবার ২২ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ‘চক বাজার’ এলাকায় এক বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ক্রয় ভাউচার ও মূল্য তালিকা সংক্রান্ত অনিয়মের দায়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মূলত দুটি প্রধান অনিয়ম পরিলক্ষিত হয়,পাইকারি ও খুচরা বিক্রেতারা পণ্য ক্রয়ের সঠিক রশিদ দেখাতে পারেননি। দোকানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করা।
জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের কঠোরভাবে নির্দেশ দেয়া হয়েছে যেন তারা প্রতিটি ক্রয়ের ভাউচার সংরক্ষণ করেন এবং যৌক্তিক লাভে ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করেন। অভিযান চলাকালীন বাজার এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং জেলা পুলিশের একটি টিম নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
সহকারী পরিচালক মো: কাউছার মিয়া জানান, রমজানকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যেন কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সেজন্য জনস্বার্থে এই ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।