কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা সেবনের সময় সাতজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার ২৩ ফেব্রুয়ারি রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের চৌধুরীকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান। পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে স্থানীয় একটি বাড়িতে ইয়াবা সেবনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এসআই আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এসআই আলমগীর, এসআই নুরুল ইসলাম, এসআই রুহুল ও এএসআই শামিমসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। অভিযানের সময় সাতজনকে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—নবীপুর গ্রামের আবুল কালাম আজাদ (৪৭), জুলহাস আহমেদ (৫৫), রামধনীমুড়া এলাকার মশিউর রহমান (৪৫), ইয়াসিন (৩০), সবুর মিয়া, নিমাইকান্দি এলাকার মনির হোসেন (৪৫) ও সোহেল মিয়া।
অভিযানের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সর্বমোট ১ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান জানান, মাদকের বিস্তার রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।
উল্লেখ্য, সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়েকোবাদ নিজ এলাকায় সফরকালে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। এর পরপরই স্থানীয় প্রশাসন মাদকবিরোধী তৎপরতা জোরদার করেছে বলে জানা গেছে।