বগুড়া প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে।
দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধার ও রেল লাইন সংস্কারের পর বেলা ১২টা থেকে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম।
বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনের ৯টি বগি উদ্ধারের কাজ সম্পন্ন হয়।
আহম্মদ হোসেন মাসুম বলেন, তবে এখনই এখান দিয়ে ফুল স্পিডে ট্রেন চলবে না, ট্রেন আসবে, স্টেশনে থামবে এবং ধীর গতিতে এই অংশ পার হবে। পর্যায়ক্রমে লাইনে ট্রেনের গতি স্বাভাবিক হবে।
এই দুর্ঘটনার কারণে ঈদ যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় যাত্রীদের কতটা ভোগাবে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, এবার আমরা ভেবেছিলাম শিডিউল বিপর্যয় তেমন হবে না। তবে, বাড়তি যাত্রীর চাপ এবং এ দুর্ঘটনা সব মিলিয়ে শিডিউল বিপর্যয় কিছুটা হয়েছে।