মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। ইতোমধ্যে কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে অন্তত ২১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির জানান, সাম্প্রতিক সময়ে জেলায় হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত শিশুদের বেশিরভাগই বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসার জন্য হাসপাতালে আসছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগ ঘুরে দেখা যায়, হাম আক্রান্ত শিশুদের ভিড় বেড়েছে। উদ্বিগ্ন অভিভাবকদের উপস্থিতিতে হাসপাতালের পরিবেশেও চাপ লক্ষ্য করা গেছে।
হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, হাম আক্রান্ত শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের চিকিৎসা নিশ্চিত করতে আলাদা একটি ওয়ার্ড চালু করা হয়েছে।
তিনি জানান, গত ১৮ মার্চ থেকে ৩০ মার্চ সন্ধা পর্যন্ত এই হাসপাতালে ২৫ জন শিশু হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে আটজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে ১৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম পিয়াস জানান, মঙ্গলবার (৩১ মার্চ) সকাল পযন্ত নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি। ল্যাব পজিটিভ ২১ জন। মৃত্যুবরণকারী ৩ জন ল্যাব রিপোর্ট করার আগেই মারা গিয়েছে। তবে লক্ষণ ও উপসর্গ ছিলো হামের মতো।
এছাড়া আক্রান্তদের পর্যবেক্ষণ ও চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।