মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লার বরুড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের হামলায় এক বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ৩০ মার্চ রাত সাড়ে ৯টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত আলী আকবর (৫৫) গুরুতর আহত অবস্থায় স্থানীয় সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, অভিযুক্ত ছেলে আবুল কালাম (৩৫) হঠাৎ করেই ধারালো দা নিয়ে বাবার ওপর হামলা চালায়। এতে আলী আকবর গুরুতরভাবে জখম হন।
স্বজনরা জানান, আবুল কালাম প্রায় দুই বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। জীবিকার তাগিদে তিনি আগে অটোরিকশা চালাতেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত আবুল কালামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বরুড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় সরকার জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।