জেলা প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ে মোটরসাইকেলের পেছনে বিশেষ বাক্স বসিয়ে অভিনব কায়দায় পাম্প থেকে পেট্রোল পাচারের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ৩ এপ্রিল দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকার মডার্ন কিন্ডারগার্ডেনের সামনে।
এ ঘটনায় একটি মোটরসাইকেলসহ প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি পেট্রোল সহ মোটরসাইকেল রেখে পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সুবহানাকা ফিলিং স্টেশন থেকে কয়েক দিন ধরে একটি মোটরসাইকেলে কোম্পানির গাড়ির মতো তৈরি বিশেষ বাক্স বসিয়ে প্রতিদিন সাত-আটবার পেট্রোল নেয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় হাবিবুর রহমান নামে স্থানীয় এক ব্যক্তি নজরদারি শুরু করেন।
গত বৃহস্পতিবার তিনি একটি মোটরসাইকেলকে ধাওয়া করলেও সেটি পালিয়ে যায়। আজ শুক্রবার দুপুরে একই ধরনের আরেকটি মোটরসাইকেল পেট্রোল নিয়ে বের হলে তিনি পুনরায় ধাওয়া করেন। এক পর্যায়ে মোটরসাইকেলটি ধাক্কামারা এলাকার মডার্ন কিন্ডারগার্ডেনের সামনে পৌঁছালে স্থানীয়দের সহায়তায় সেটি আটক করা হয়।
পরে মোটরসাইকেলের পেছনে তৈরি বিশেষ বাক্স খুলে ভেতরে তিনটি বড় জারে ভরা পেট্রোল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, জারগুলোতে মোট প্রায় ৫০ লিটার পেট্রোল ছিল।
খবর পেয়ে পুলিশ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করেন। পরে জব্দ করা পেট্রোল ফুয়েল কার্ডধারীদের মধ্যে শহরের সেতারা ফিলিং স্টেশনে গিয়ে সরকারি মূল্যে বিক্রি করে দেওয়া হয়।
এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, আনুমানিক ৫০ লিটার তেল স্থানীয় এলাকাবাসী ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সহযোগিতায় আটক করা হয়েছে। মোটরসাইকেল আরোহী বর্তমানে পলাতক রয়েছেন। বৈধ কাগজপত্র, লাইসেন্স ও ফুয়েল কার্ড রয়েছে এমন গ্রাহকদের মধ্যে ন্যায্য মূল্যে জব্দকৃত তেল বিতরণ করা হয়েছে।