রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে যমুনা নদীতে পথ হারিয়ে মাঝনদীতে আটকে পড়ে বর-কনেসহ ৩৮ জন যাত্রী বহনকারী একটি নৌকা। পরে প্রশাসন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে নিলয় হাসান সানি (২৫)-এর বিয়ের অনুষ্ঠান উপলক্ষে বরযাত্রীরা বগুড়া শহরের সাপগ্রাম চারমাথা এলাকায় যাচ্ছিলেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাট থেকে একটি নৌকাযোগে বরযাত্রীদের যাত্রা শুরু হয়। নৌকাটিতে বর ও কনে পক্ষের সদস্যসহ নারী ও শিশুসহ মোট ৩৮ জন যাত্রী ছিলেন।
যাত্রাপথে হঠাৎ ঘন কুয়াশা নেমে এলে নৌকাটি দিকভ্রান্ত হয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে মাঝনদীতে নোঙর করে রাখা হয় নৌকাটি। রাতের অন্ধকার ও কুয়াশার কারণে তাৎক্ষণিক উদ্ধার অভিযান সম্ভব না হলেও নৌকায় থাকা সবাই নিরাপদ ছিলেন।
বরিবার সকালে বিষয়টি জানাজানি হলে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের সহায়তায় স্থানীয় জেলেদের দুটি মাছ ধরার ট্রলার নিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে ট্রলারগুলোর সহায়তায় নৌকাটিকে পথ দেখিয়ে জামথল ঘাটের দিকে আনা হয়। দুপুর ১২টার দিকে নৌকাটি নিরাপদে ঘাটে পৌঁছায়।
আটকে পড়া যাত্রীদের কয়েকজন জানান, যাত্রা শুরুর কিছুক্ষণ পরই কুয়াশার কারণে নদীর দিক নির্ণয় করা সম্ভব হয়নি। ভোরের দিকে আবার যাত্রার চেষ্টা করলে মাছ ধরার ট্রলারের মাঝিরা সহযোগিতা করেন। এ ঘটনায় কেউ অসুস্থ হননি।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার দেলোয়ার হোসেন বলেন, রবিবার সকাল ৮টা ১৫ মিনিটে সংবাদ পেয়ে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা হয় এবং সকল বরযাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী জানান, যাত্রার দুটি ঘাটই সারিয়াকান্দি উপজেলার হলেও নৌকায় থাকা সবাই মাদারগঞ্জের বাসিন্দা হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়। সারিয়াকান্দি উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশকে অবহিত করে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেদের সহায়তায় নৌকাটি জামথল ঘাটে পৌঁছানো হয়। পরে সকল যাত্রী সুস্থভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যান।