মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লায় ১৩টি মিথ্যা মামলা দিয়ে একটি পরিবারকে হয়রানির অভিযোগ ওঠেছে শাহ আলম নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। জেলার বরুড়া উপজেলার ছোট পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই আওয়ামী লীগ নেতা শাহ আলমের বিচার দাবি জানিয়ে বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী প্রবাসীদের বাবা মো. সামছুল হক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবাসীদের বাবা সামছুল হক অভিযোগ করেন, ফ্যাসিস্টের দোসর ঢাকা ও বরুড়ার আওয়ামী লীগ নেতা শাহ আলমের সাথে তার এক ছেলেকে বিদেশ নেয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে ওই প্রবাসীর পরিবারের লোকজনের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ১৩টি মামলা দিয়ে পুলিশের মাধ্যমে হয়রানী করা হচ্ছে।
সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন স্থানীয় আড্ডা বাজারে তার (শাহ আলম) একটি এজেন্ট ব্যাংকিংয়ে হামলা ও ভাংচুরের ঘটনাকে গত ১৮ ডিসেম্বরের ঘটনা দেখিয়ে আদালতে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় প্রবাসীর পরিবারের নারী-পুরুষসহ ৮ জনকে আসামি করা হয়। আদালতের আদেশে মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে।
সামছুল হক আরও অভিযোগ করেন, তার এক ভাই আবদুল মোতালেব বিএনপির পদবীধারী। বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের তালিকায় মোতালেবের নাম ও ছবি এডিট করে প্রতারণার মাধ্যমে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাকে গ্রেফতার করানো হয়। তিনি বর্তমানে জেলহাজতে আছেন। সংবাদ সম্মেলনে তারা শাহ আলমকে মামলাবাজ আখ্যা দিয়ে তার বিচারের দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন ভূক্তভোগী পরিবারের সদস্য পারুল আক্তার, আফরোজা বেগম, রহিমা বিবি, মো. সোলায়মান, রাকিব হোসেন, মোহাম্মদ আলী, শাহীন আক্তার প্রমুখ।