ইনসাফ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে জনতা পার্টি বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন। জনগণের রায়ই গণতন্ত্রের মূল ভিত্তি; সেই রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা প্রত্যেক রাজনৈতিক দলের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।
তিনি বলেন, দেশের জনগণ নতুন সরকারের নিকট সর্বাগ্রে যে প্রত্যাশা ব্যক্ত করেছে, তা হলো রাষ্ট্রপরিচালনায় দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ও কঠোর অবস্থান গ্রহণ। দুর্নীতির প্রশ্নে কোনো ধরনের সহনশীলতা, দলীয় পক্ষপাত বা প্রশাসনিক গাফিলতি জাতীয় অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। অতএব প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কেবল ঘোষণায় সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী, দৃশ্যমান ও দৃষ্টান্তমূলক পদক্ষেপের মাধ্যমে কার্যকর করা সময়ের অপরিহার্য দাবি।
তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও উৎপাদনমুখী অর্থনীতি প্রতিষ্ঠাই এখন জাতীয় অগ্রাধিকারের বিষয়। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, শিল্প ও কৃষিখাতে উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রণোদনা প্রদান এবং আর্থিক খাতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে হবে। পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধি করে অর্থনীতিকে একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহ্রাসকারী কাঠামোর দিকে অগ্রসর করতে হবে—এটাই জনগণের প্রত্যাশা।
গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক পুনরুজ্জীবনের লক্ষ্যে নতুন সরকার নীতিনিষ্ঠ, দায়িত্বশীল ও দূরদর্শী নেতৃত্বের পরিচয় দেবে—এমন প্রত্যাশাই দেশবাসীর। জনতা পার্টি বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বৃহত্তর স্বার্থে গৃহীত যেকোনো ইতিবাচক ও কল্যাণমুখী উদ্যোগে গঠনমূলক সহযোগিতা প্রদান করতে সবসময় প্রস্তুত আছে।