ইনসাফ ডেস্ক : একদিকে মানুষ অনাহারে, অর্ধাহারে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে—অন্যদিকে একটি প্রভাবশালী শ্রেণি হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে সম্পদ সঞ্চয় করছে। এই নির্মম বৈপরীত্য কেবল অর্থনৈতিক বৈষম্য নয়, এটি একটি অসুস্থ রাষ্ট্রব্যবস্থার প্রতিফলন। “দেশবন্ধু” রেমিটেন্স যুদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা বলেন, “কেউ চাঁদে যাওয়ার স্বপ্ন দেখে, আর কেউ ইউরোপে যাওয়ার আশায় সমুদ্রপথে জীবন হারায়—এই বৈষম্য কোনো সুস্থ সমাজের লক্ষণ হতে পারে না। সমাজের এই উঁচা-নিচা ভেদাভেদ দূর করা এখন সময়ের দাবি।”
সম্প্রতি ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এবং অন্তত ৭০ জন এখনও নিখোঁজ রয়েছেন। ইতোমধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR)-এর তথ্যমতে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক রয়েছেন।
দাতব্য সংস্থা ‘Mediterranea Saving Humans’ ও ‘Sea-Watch’ জানায়, উদ্ধারকৃতদের ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের ল্যাম্পেদুসা দ্বীপে নেওয়া হয়েছে। জানা গেছে, নৌকাটি লিবিয়ার তাজোরা বন্দর থেকে যাত্রা শুরু করে এবং বৈরি আবহাওয়ার কারণে দুর্ঘটনার শিকার হয়।
চলতি বছর ভূমধ্যসাগরে অন্তত ৭২৫ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন—যা বৈশ্বিক মানবিক সংকটের এক ভয়াবহ চিত্র তুলে ধরে।
এই প্রেক্ষাপটে “দেশবন্ধু” রেমিটেন্স যুদ্ধা সংসদ জোরালোভাবে দাবি জানাচ্ছে:
১. বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
২. মানব পাচার ও অবৈধ অভিবাসন রোধে আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
৩. দেশে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করতে হবে, যাতে মানুষ জীবনবাজি রেখে বিদেশমুখী না হয়।
৪. প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় বাস্তবসম্মত নীতি প্রণয়ন করতে হবে।
সমাজে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়। এখনই সময়—নীতি, নৈতিকতা ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র ও সমাজকে পুনর্গঠন করার।