মোঃ মাসুম সরদার, খুলনা : খুলনার রূপসা উপজেলার ১ নং আইচগাতী ইউনিয়নের রাজাপুর ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন খুলনা জেলা তাঁতি দলের আহ্বায়ক ও রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম লিটন তালুকদার।
শুক্রবার ১০ এপ্রিল বিকেল ৫টায় রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইচগাতী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম লিটন তালুকদার বলেন, অবহেলিত রূপসাকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করাই তার লক্ষ্য। তিনি বলেন, ড্রেনেজ ব্যবস্থা, ভাঙাচোরা সড়কসহ নানা সমস্যায় রূপসার মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছে। এসব সমস্যা সমাধানে তিনি কাজ করতে চান।
তিনি আরও বলেন, বিগত সরকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচিত হলে তিনি জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করবেন এবং সুখে-দুঃখে সবসময় পাশে থাকবেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রূপসা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, খুলনা জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, ইলিয়াস হোসাইন, মনিরুজ্জামান মামুন, মামুন গাজী ও মাহাতাব হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা জেলা তাঁতি দলের সদস্য আব্দুল হালিম, মহিউদ্দিন, মনিরুজ্জামান মনির ও ফিরুজ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপসা থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দীপু শেখ, জিয়া সৈনিক দল খুলনা জেলার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বিএনপি নেতা মোঃ সোবাহান, ডাঃ একলাস আলী, মোঃ হালিম শেখ, কাওসার মোরল, খান মোঃ সাব্বির হোসাইন, মোঃ রুহুল আমীন রাসেলসহ রূপসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
মতবিনিময় সভা শেষে শহিদুল ইসলাম লিটন তালুকদার রাজাপুর বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।