পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএনপির কেন্দ্রীয় ভাইস- চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩জন আহত হয়েছে।
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পবিপ্রবি ক্যাম্পাসে মুক্ত বাংলার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জসীম উদ্দিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল, সদস্য মতিউর রহমান দিপু।
সুত্র জানায়, ২৬ শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস পালন উপলক্ষে প্রশাসনের সাথে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা শেষে আলতাফ হোসেন চৌধুরী চলে যাওয়ার পর পবিপ্রবির মুক্তবাংলা এলাকায় এ অনুষ্ঠানে দাওয়াত না করায় আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে বেল্লাল, রাসেল, বাবুলসহ ৬/৭ জনের একটি গ্রুপ হামলা করে। হামলায় উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দিন হাওলাদার, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম বিএনপি নেতা মতিউর রহমান দিপু গুরুতর জখম হয়। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ইব্রাহিমের অবস্থা অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এঘটনায় মতিউর রহমান দিপু বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে অনাকাঙ্খিত সহিংসতার ঘটনাটি ঘটেছে।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান বলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর পবিপ্রবি ক্যাম্পাসে আগমন সম্পর্কে আমরা উপজেলা বিএনপি কিছুই জানিনা। হামলা সংঘর্ষের ঘটনাটি অনাকাঙ্খিত ও দুঃখজনক।
কেন্দ্রীয় বিএনপির ভাইস- চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী সংঘর্ষের ঘটনাটিকে অনাকাঙ্খিত অনভিপ্রেত দুঃখ জনক আখ্যায়িত করে বলেন, তদন্ত হচ্ছে, অভিযুক্তদের শাস্তি পেতে হবে।
এ বিষয় দুমকি থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন, আহতদের মধ্যে মতিউর রহমান দিপু নামে একজন লিখিত অভিযোগ দিয়েছে, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা করা হবে।