বিশেষ প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সহকারী প্রক্টর পদে তিনজন শিক্ষককে অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মূল ক্যাম্পাসে দুইজন এবং বরিশাল ক্যাম্পাসে একজন শিক্ষককে এই দায়িত্ব দেয়া হয়েছে। যাতে করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা যায়।
নতুন দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রক্টরেরা হলেন— ড. মুহাম্মদ ইকবাল হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ (মূল ক্যাম্পাস)। ড. মো. তারিকুল ইসলাম সজীব, সহকারী অধ্যাপক, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ (মূল ক্যাম্পাস)। এবং ড. মোঃ আলী আজগর, অধ্যাপক, ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগ (বরিশাল ক্যাম্পাস)।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম-এর অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,“শৃঙ্খলা ও নিরাপত্তা একটি বিশ্ববিদ্যালয়ের সুস্থ একাডেমিক পরিবেশ বজায় রাখার পূর্বশর্ত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং সহনশীল ও শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়তে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, নবনিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টরগণ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করবেন।
আদেশে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাঁরা এই দায়িত্ব পালন করবেন এবং পূর্ববর্তী নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সংশোধন বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।