পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যুতে চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে কর্তব্যরত চিকিৎসকদের বিচারের দাবিতে মানববন্ধন ও মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে পবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বিকেল ৪ টায় প্রথমে পবিপ্রবির ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা মিছিল সহকারে জড়ো হতে থাকে। ক্যাম্পাসে মানববন্ধন করে তারা ৫ কিমি দুরে ঢাকা – কুয়াকাটা মহা সড়কের পায়রা সেতু টোলপ্লাজায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। প্রায় ঘন্টাব্যাপী সড়কে বসে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন অনুষদের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী খোকন লিখিত বক্তব্যে গতকাল ওই সময়ে কর্মরত সকল চিকিৎসক ও নার্সদের চাকুরি থেকে অব্যাহতি দেয়া সহ ৫ দফা দাবি করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর কাজী রফিকুল ইসলাম, প্রো -ভিসি প্রফেসর হেমায়েত জাহান, প্রক্টর প্রফেসর আবুল বশার ঘটনা স্থলে উপস্থিত হয়ে ছাত্রদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে। যত দ্রুত সময়ের মধ্যে সম্তভব তদন্ত সমাপ্ত করে প্রকৃত দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ক্যাম্পাসে চলে যায়।
পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, গতরাতেই সিভিল সার্জনকে প্রধান করে ৮ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে ৪ জন ছাত্র প্রতিনিধিকেও রাখা হয়েছে। তারা তদন্ত কাজ করতেছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বাশার খান প্রতিবেদককে বলেন, আমরা যতদ্রুত সম্ভব তদন্ত কাজ সম্পন্ন করে প্রকৃত দোষিদের চিহ্নিত করায় কাজ করছি। শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরেছেন, পরিস্থিতি এখন শান্ত।