ইনসাফ ডেস্ক : ভোটের আগেই রাজধানীর মহাখালীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালি মন্দির সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের এক মাস না পেরোতেই এবার ওয়াদা রক্ষার নজির স্থাপন হলো ঢাকায়।
শনিবার ৭ মার্চ মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের সামনে সংস্কার কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। এ সময় উলুধ্বনি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সনাতন ধর্মাবলম্বীরা।
মহাখালী এলাকাটি ঢাকা-১৭ আসনের আওতাধীন। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে এই মন্দিরটি সংস্কার ও মন্দির প্রাঙ্গণে একটি নতুন নাটমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ওই আসনে নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের এক মাস না পেরোতেই মন্দিরের কাজের উদ্বোধন করেছেন। এ সংস্কার কাজে অর্থায়ন করেছে বনানী -গুলশান ফাউন্ডেশনের কয়েকজন সনাতনী ব্যবসায়ী।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘আমরা সব ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। বিএনপি কখনও আপনাদের সংখ্যালঘু বলেনি। আমরা সবাই এ দেশের নাগরিক। প্রধানমন্ত্রীর এই সিটে কাজ না করে ফাঁকি দেয়ার কোনো সুযোগ নেই।
ঢাকা-১৭ একটি মডেল নির্বাচনি এলাকা হবে। তারেক রহমানের প্ল্যান আছে, সেগুলো বাস্তবায়ন হলে সব কিছুর চিত্র পাল্টে যাবে।’
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান রমেশ দত্ত, পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, সঞ্জিত কুমার দেব জনি, রূপক সিংহ, প্রণব শাখারী প্রমুখ।