নিজস্ব প্রতিবেদক, টেকনাফ : টেকনাফের শাহপরীর দ্বীপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে শাহপরীর দ্বীপ তিন রাস্তার মাথা বাজার সংলগ্ন মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, বিপুল সম্ভাবনা স্বত্বেও অতীতের নেতৃত্বে সততা ও ন্যায়পরায়ণতা না থাকায় শাহপরীর দ্বীপের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। আপনাদের ভোটে দাঁড়িপাল্লা জয়যুক্ত হলে পর্যটন ও সীমান্ত বাণিজ্যের কেন্দ্রবিন্দু হবে শাহপরীর দ্বীপ। এই দ্বীপের মানুষের ব্যবসা বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে।
তিনি আরো বলেন, আগামী নির্বাচন বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তন, গরীব দুঃখী মেহমনতী মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। অতীতের ইতিহাসে যারা দেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছিল তারা নিজেদের আখের গোছাতে পারলেও কেউ এদেশের মানুষের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেননি। সৎ ও ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম ছাড়া একটি রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। তাই আসুন আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মাধ্যমে একটি ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের ঐতিহাসিক মিশনে সামিল হোন।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, উপজেলা ইসলামী খেলাফত মজলিসের আমির মাওলানা আজিজুর রহমান, হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ইব্রাহিম মাহমুদ, সাবরাং ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি শাহ মোহাম্মদ জুবায়ের, সেক্রেটারি আনোয়ার হোসেন বাপ্পী, জামায়াত নেতা এডভোকেট আব্দুল আমিন, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারী শাহ কামাল শাফি, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ, সেলিম উল্লাহ ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবরাং ইউনিয়ন জামায়াতের পেশাজীবী বিভাগের সেক্রেটারি নুরুল আমিন, সহ সেক্রেটারি আব্দুর রহমান, সাবরাং ৮ নং ওয়ার্ডের সভাপতি শেফায়েত উল্লাহ, ৯ নং ওয়ার্ডের সভাপতি মাওলানা রশিদ উল্লাহ, জামায়াত নেতা নুরুল আমিন, মুজিব উল্লাহ, মোহাম্মদ রফিক, মোহাম্মদ নুর শফি প্রমূখ।