এম আই আকাশ, বোদা,পঞ্চগড় : “মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে আমাদের তরুণ প্রজন্মকে সুস্থ জীবনধারায় অভ্যস্ত করতে হবে। আর সুস্থ সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই” বলে মন্তব্য করেছেন বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম।
পঞ্চগড়ের বোদায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পর্যায় ৫২তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলামের সভাপতিত্বে পাথরাজ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমউদ্দিন, মডেল সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, এনসিপি উপজেলা সমন্বয়কারী শিশির আসাদ, প্রেসক্লাব সহ-সভাপতি মাজেদুল ইসলাম আকাশ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোফাজ্জল হোসেন বিপুল প্রমুখ।
বোদা থানার অফিসার ইনচার্জ আজিমউদ্দিন তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নেয়া জরুরি। যুবসমাজকে মাদকমুক্ত ও সু-স্বাস্থ্যের জন্য নিয়মিত খেলাধুলা করা উচিত।”
গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও দাবা ইভেন্টে অংশ নেন। ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা ইভেন্ট আয়োজন করা হয়েছিল। সপ্তাহব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় পৃথক ভেন্যুতে উপজেলার মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ নির্বাচন করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় বোদা মডেল সরকারি স্কুল এন্ড কলেজ কে ট্রাইবেকারে হারিয়ে সাকোয়া স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।