রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে টয়লেট নির্মাণের জায়গা নির্ধারণ করায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ঘটনাটি উপজেলার হাজরাবাড়ি পৌরসভার চর আদিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
জানা যায়, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত টয়লেট সুবিধা না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রোকৌশল কর্তৃপক্ষ নতুন টয়লেট নির্মাণের সিদ্ধান্ত নেয়। তবে জায়গার অভাব দেখিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে থাকা শহীদ মিনারটি ভেঙে ওই স্থানে টয়লেট নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করেন।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ মিনার ভাষা আন্দোলন ও জাতীয় চেতনার প্রতীক। এমন একটি স্থাপনা ভেঙে ফেলা অনাকাঙ্ক্ষিত। যে জায়গায় শহীদ মিনারটি ছিলো জায়গাটিও ব্যক্তি মালিকানাধীন বলে দাবি করছেন স্থানীয়রা।
বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই সিদ্ধান্তটি নেয়া হয়েছে। বিকল্প উপযুক্ত জায়গা না থাকায় এই পদক্ষেপ নেওয়া হলেও ভবিষ্যতে অন্য স্থানে শহীদ মিনার পুনর্নির্মাণ করা হবে বলে দাবি করেন।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার বেগম বলেন, আমরা রেজুলেশন করে নিয়ম অনুযায়ী এটা করেছি। পুনরায় অন্য স্থানে শহীদ মিনারটি নির্মাণ করা হবে।
মেলান্দহ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী চকদার বলেন, বিষয়টি আমি জানিনা। এটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা জানান, স্কুলের যে কমিটি আছে তাদের মাধ্যমে রেজুলেশন করে এটি করেছে।