কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার আসামি হিসেবে চিহ্নিত ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি একটি আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে ডাকাতি, মাদক ও নারী নির্যাতনসহ মোট ছয়টি মামলা রয়েছে।
পুলিশ সূত্র জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর-ইলিয়টগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছালিয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক অবস্থায় অবস্থানরত ফারুক হোসেনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. ফারুক হোসেন (৪২) মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের ছালিয়াকান্দি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল হালিমের ছেলে।
মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ডাকাতির পরিকল্পনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালায়। অভিযানে ফারুককে আটক করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দুপুরে তাকে কুমিল্লার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।