মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বিষয়ক জেলা পর্যায়ে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৫ অক্টোবর সকাল ১১টায় জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আলী নূর বশির আহমদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সারভিল্যান্স অ্যান্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. সুবল চন্দ্র সাহা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকারিয়া মাহমুদ।
বক্তারা জানান, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে, যা চলবে নির্ধারিত সময় পর্যন্ত। এ সময় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু, এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।
টিকা নিতে হলে জন্ম নিবন্ধনের ১৭-সংখ্যার নম্বর ব্যবহার করে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।
সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।