মো. শাহাদাত আলম অন্তর : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২৫ জানুয়ারি কুমিল্লা আসছেন। ওইদিন দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী মাঠে জনসভা হবে। জনসভাস্থল ফুলতলী সেই মাঠটি পরিদর্শন করেছেন বিএনপির শীর্ষ নেতারা।
বুধবার ২১ জানুয়ারি দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী মাঠটি পরিদর্শন করা হয়।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক, কুমিল্লা -৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম, কুমিল্লা-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুল হুদা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুসহ অন্যান্য নেতারা।
মাঠটি পরিদর্শনের আগে তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভায় আলোচনা করা হয়। এসময় বক্তারা বলেন, দীর্ঘ ২১ বছর পর কুমিল্লা আসবেন দেশনায়ক তারেক রহমান। তার এই আগমনকে স্মরণীয় করে রাখতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে লাখ লাখ বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেবেন।