রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে জামায়াত, বিএনপি, জাতীয় পার্টিসহ ১১জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসন থেকে ১৯জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন।
সোমবার ২৯ ডিসেম্বর জামালপুর জেলা রিটার্নিং কর্মকর্তা, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা।
দলীয় মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সাবেক মেলান্দহ উপজেলা আমির মুজিবুর রহমান আজাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ইঞ্জি. দৌলতুজ্জামান আনসারী, গণঅধিকার পরিষদ থেকে লিটন মিয়া ও রুবেল মিয়া, জাতীয় পার্টি থেকে মীর সামছুল আলম।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, ডা.ফিদেল নঈম, শিবলুল বারী রাজু, এস.এম শাহিনুর রহমান, ফারজানা ফরিদ পুথি।
মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় নেতা কর্মীদের মাঝে।