নিজস্ব সংবাদদাতা, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা মহিলা মহাবিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের কাছ থেকে ঈদ উপহার পেয়ে উচ্ছ্বসিত ৮ নং বোদা সদর ইউনিয়নের বোসপাড়া গ্রামের ষাটোর্ধ পিলপিলি ঝা নিজের অনুভূতি প্রকাশ করে বলেন “হামেরা গরীব মানুষ, তিনবেলা ঠিকমতো খাবার পাইনা, প্রতিমন্ত্রী ঈদ উপহার দিছে ভগবান ওর ভালো করিবে”।
উপজেলার সাকোয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া থেকে উপহার নিতে এসেছেন তহমিনা খাতুন (৭৩)। তিনি বলেন, আমার স্বামী নেই ভাইয়ের বাড়িতে থাকি, একমাত্র মেয়ে শশুর বাড়ী থাকে। অসহায়ত্বের মাঝে প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিশাল পাওয়া। আল্লাহর কাছে দোয়া করি আমাদের মতো অসহায়দের পাশে মন্ত্রী সাহেব বেশী বেশি করে দাড়ান।
৭৬ বছর বয়সী বকশিগঞ্জ এলাকার আব্দুল জব্বার কাদো কাদো গলায় আবেগ মিশ্রিত কন্ঠে বলেন, “এই বয়সে তেমন কাজ করিবা পারিনা, ঈদের সময়ডাত তেমন কাম কাজ ও থাকেনা। প্রতিমন্ত্রীর এই উপহার ঈদের কয়দিন ভালো ভাবে চলে যাবে ”
বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা নগদ অর্থ, শাড়ি ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, জনবান্ধব বিএনপি সরকার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব অসহায় সকল মানুষের পাশে থেকে ঈদ আনন্দ ভাগাভাগি করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের উন্নয়ন কাজ তড়িৎগতিতে চলছে।মানুষকে দেয়া সকল প্রতিশ্রুতি পুরন করা হবে ইনশাআল্লাহ।এসময় তিনি ৫শত অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ টি করে শাড়ি এবং ১হাজার পরিবারের মাঝে নগদ ১০০০ টাকা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর ত্রান কল্যাণ তহবিল ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় হতে প্রাপ্ত নগদ অর্থ, চাল এবং পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে শাড়ী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, ত্রান কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ,সাংবাদিক বৃন্দ, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।