জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার বালুরচর কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ও আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেনের বিরুদ্ধে কর্মস্থল ফাকিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
মোজাফফর হোসেন মাঝে মধ্যেই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। কখনো সঠিক সময়ে উপস্থিত হলেও হাজিরা খাতায় স্বাক্ষর করেই বিদ্যালয় ত্যাগ করেন। তবে তার বিরুদ্ধে মুখ খুলতে নাজার বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা।
গতকাল (২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, বালুরচর কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ে ক্লাস না নিয়ে শিক্ষকরা বসে আছেন। শিক্ষার্থীরা যার যার মত খেলাধুলা ঘুরাফেরায় ব্যস্ত। সকল শিক্ষক কর্মচারী থাকলেও অফিস সহকারী মোজাম্মেল বিদ্যালয়ে নেই। অন্যান্য শিক্ষকরা জানায়, তিনি এসেছিলেন স্বাক্ষর করে ব্যাক্তিগত কাজে বাইরে গেছেন আজ আর আসবেন না।
জানা যায়, উপজেলার বালুরচর কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোজাফফর হোসেন শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। আওয়ামী আমলে তিনি দুই বছর বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন বলে জানা যায়।
স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের নিয়মনীতি না মেনে তার ইচ্ছেমতো বিদ্যালয়ে যাতায়াত করেন। আওয়ামী লীগের সময় ক্ষমতার দাপটে বিদ্যালয়ে যা ইচ্ছে তাই করেছেন তিনি।
ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক আলমগীর হোসেন বলেন, এখন মোটেও বিদ্যালয়ে আসেন না। আগেও তিনি নিয়মিত বিদ্যালয়ে আসতেন না। আওয়ামী লীগের ক্ষমতা দাপটের কারণে এত দিন কেউ মুখ খুলতে সাহস পায়নি।
অফিস সহকারীর বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কোন কথা বলতে রাজি হননি।
বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি বেলাল হোসেন জানান, পরবর্তী সময়ে এরকম হবে না। খোঁজ খবর নিয়ে এটা ব্যবস্থা নিচ্ছি।
মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।