মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহপুর গ্রামস্থ বৃহত্তর শনির হাওরের একাংশ উত্তরবন হাওরের সরকারি খাস খতিয়ানের ভূমি থেকে অবৈধভাবে ভ্যাকু দ্বারা মাটি উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী রুবেল আহমেদ গংরা।
সোমবার ২৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২ টার সময় গ্রামবাসীর উদ্যোগে উত্তরবন হাওরে সরকারি জমি থেকে মাটি কাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ভূমি খেকো ফ্যাসিস্ট নেতা রুবেল আহমেদ গংরা জোরপূর্বক সরকারি খাস খতিয়ান ও এজমালি ভূমি থেকে অবৈধভাবে ৫/৬ ফুট গভীর করে মাটি কেটে গ্রামের বিভিন্নস্থানে অধিক মূল্যে বিক্রি করার অভিযোগ উঠেছে। গ্রামের পক্ষ থেকে একাধিক বার শালিশ নিয়ে নিষেধ করার পরও মাটি কাটা বন্ধ করছে না তারা। গত বছরও রুবেল আহমেদ ও তার বাবা মিলে জোরপূর্বক আমাদের তিনটি পরিবারের জালাচার (বীজতলা) গভীর করে মাটি কেটে নিয়ে যায়। আজও মাটি কাটা বন্ধ করার জন্য বাঁধা দিলে সে আমাদেরকে গালিগালাজ সহ মারধর করার জন্য এগিয়ে আসে। তাৎক্ষণিকভাবে মাটি কাটা বন্ধ না হলে গো খাদ্য এবং ধান মারাই করা কষ্ট সাধ্য হয়ে যাবে। অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে স্থানীয় ও জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
মাটি বিক্রেতা আবু মিয়া বলেন,উপজেলা প্রশাসনের মৌখিক অনুমতি নিয়ে মাটি কাটছি। আমি মাটি কাটলেই অপরাধ। আর অন্যরা কাটলে অপরাধ হয় না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,শাহপুর গ্রামের কৃষক শেখ ফয়জুননুর,নোমান মিয়া, আলী মতুর্জা, শেখ মাফিজ আলী, মো আবুল কাসেম, রাজু মিয়া, মালু মিয়া, আপ্তর আলী, মুজিবুর রহমান, মো আবুল রউফ প্রমুখ।