মধ্যনগর প্রতিনিধি : পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মধ্যনগর উপজেলা আশেপাশের বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষজন। বাজারে গেলেই বাড়তি দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন তারা।নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে মধ্যনগরে ভ্রাম্যমাণ মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় উপজেলার সদর বাজারের সবজি মহাল, ফলের দোকান ও তেল বিক্রয় কেন্দ্রসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা এবং পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ না রাখায় দুই সবজি ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া অতিরিক্ত দামে তেল বিক্রির প্রমাণ পাওয়ায় এক পেট্রোল ব্যবসায়ীকেও দুই হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে অভিযানে ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখা, ক্রয় ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
অভিযানে মধ্যনগর ভূমি উপসহকারী কর্মকর্তা গোলাম সারওয়ার এবং পুলিশের একটি দল সঙ্গে ছিল।
ইউএনও উজ্জ্বল রায় বলেন, দ্রব্যমূল্য সহনীয় রাখতে এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।