রমজান আলী, মাদারগঞ্জ প্রতিনিধি : আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০২৫ উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং সেভ দ্য চিলড্রেন-এর সহায়তায় এবং মাদারগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, সাবলীল পঠন, ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ্। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূরুল আমিন সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, চর গোজামানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী, চরপাকেরদহ ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাদিউজ্জামান, এবং একজন শিক্ষার্থীর অভিভাবক মরিয়ম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইএসডিও-এর প্রকল্প সমন্বয়ক আবুজ্জোহা এবং সেভ দ্য চিলড্রেন-এর প্রতিনিধি রুবায়ি রায়হান। এছাড়াও, গ্রাম আদালত সম্পর্কে সকলকে অবহিত করেন সমন্বয়ক সাইদুল ইসলাম।
প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন:
চিত্রাঙ্কন: প্রথম স্থান অধিকার করে গাবের গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তন্নী।
উপস্থিত বক্তৃতা: প্রথম স্থান অধিকার করে চরগোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোনালিসা।
সাবলীল পঠন: প্রথম স্থান অধিকার করে চর গোলাবাড়ি নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রবিন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।