মোঃ এরশাদ, টাঙ্গাইল প্রতিনিধি : আজ ২৪ সেপ্টেম্বর বুধবার প্রথম শাহাদাত বার্ষিকী শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন, এসবিপি-এর। এই দিনে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় এক দুর্ধর্ষ ডাকাতি প্রতিরোধ অভিযানে অংশ নিয়ে বীরোচিত সাহসিকতার সঙ্গে জীবন উৎসর্গ করেন তিনি।
মাত্র ২৩ বছর বয়সী এই তরুণ সেনা কর্মকর্তা একাই একাধিক ডাকাতের মোকাবেলা করে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় অগ্রণী ভূমিকা রাখেন। সংঘর্ষের এক পর্যায়ে তিনি শত্রুর ছুরিকাঘাতে গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। দেশের প্রতি এই অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর ‘সেনাবাহিনী পদক (এসবিপি)’ প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী আজ তাঁর এই বীরোচিত আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মতো সাহসী সেনাসদস্যরা জাতির গর্ব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস। তাঁদের অসীম সাহস ও কর্তব্যপরায়ণতা দেশের স্বাধীনতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর অবিচল অঙ্গীকারকে শক্তিশালী করে তোলে।