তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে দুই বন্ধুর মধ্যে তুচ্ছ ঘটনা কেন্দ্রকরে ঝগড়ার জেরে প্রতিপক্ষের হামলায় ইসলাম উদ্দিন (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
বুধবার ১৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইসলাম উদ্দিন সাকিতপুর গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার ঘণ্টাখানেক আগে সাকিতপুর গ্রামের সাজ্জুল মিয়ার পক্ষের সাইদুর রহমান এবং মাসুক মিয়ার পক্ষের শাহীনুর মিয়ার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। সম্পর্কে তারা দুইজন বন্ধু। এরই জেরে পরবর্তীতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
নিহতের পরিবারের অভিযোগ, সংঘর্ষের কিছুক্ষণ পর স্থানীয় টানাখালি বাজার থেকে বাড়ি ফিরছিলেন মাসুক মিয়ার চাচাতো ভাই ইসলাম উদ্দিন। পথে ঘটনাস্থলে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহতরা হলেন একই গ্রামের আব্দুস সাহিদের ছেলে আইবুর রহমান (৬০), আলী মিয়ার ছেলে এমেল মিয়া (২৬), আলিম উদ্দিনের ছেলে সোহান (১৮) এবং জাবিদ উল্লার ছেলে আজিমুল মিয়া (৬৫)। আহতদের মধ্যে আইবুর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।