তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরের প্রবেশদ্বার আব্দুজ জহুর সেতু এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ২৫০ পিস শর্টগানের সিসা বুলেটসহ আবু জাহের (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯।
রবিবার ২৫ জানুয়ারি দুপুরে এই অভিযান চালানো হয়।র্যাব সূত্র জানা যায়, গোপন সংবাদ ছিল যে সুনামগঞ্জ শহরে একটি বড় ধরনের গোলাবারুদের চালান প্রবেশ করতে পারে। এই তথ্যের ভিত্তিতে সকাল থেকেই আব্দুজ জহুর সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে কড়া নজরদারি শুরু করে র্যাব-৯-এর একটি বিশেষ টিম। দুপুর নাগাদ একটি সন্দেহভাজন ট্রাককে থামিয়ে তল্লাশি শুরু করলে চালকের সহকারীর কাছে থাকা একটি স্কুল ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২৫০ পিস শর্টগানের সিসা বুলেট উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন পাচারের অভিযোগে আবু জাহেরকে হাতেনাতে আটক করা হয়। র্যাব জানিয়েছে, আটককৃত ব্যক্তির বাড়ি নরসিংদী জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই গোলাবারুদগুলো বিক্রয় বা কোনো বিশেষ উদ্দেশ্যে সুনামগঞ্জে নিয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে এএসপি কপিল দেবগাইন বলেন:গোপন সংবাদের ভিত্তিতে আমরা আগে থেকেই সতর্ক ছিলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা রোধে র্যাব নিরলস কাজ করে যাচ্ছে। এই চালানের পেছনে আর কারা জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
আটককৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনের আগে এমন গোলাবারুদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং র্যাবের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা জানানো হয়েছে।