মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তিন দিনের জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার দুপুরে তাকে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আব্দুল্লাহ আমান এই আদেশ দেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত) হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যগুলো এখন যাচাই-বাছাই করা হচ্ছে। এছাড়া মামলাটির অধিকতর তদন্তের স্বার্থে তার ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
এর আগে গত বুধবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক হাফিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। সম্প্রতি তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ১০ বছর পর এই প্রথম তনু হত্যা মামলায় কাউকে গ্রেপ্তার করা হলো।
আদালত সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন। তারা হলেন— অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলম।
উল্লেখ্য, ২০১৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের পর থেকে এখন পর্যন্ত মামলার ৮০টি ধার্য তারিখ অতিবাহিত হয়েছে। ৪টি সংস্থার ৭ জন তদন্ত কর্মকর্তা পর্যায়ক্রমে মামলাটি পরিচালনা করেছেন। দীর্ঘ সময় পর প্রথম গ্রেপ্তারের ঘটনায় মামলার তদন্তে নতুন মোড় আসার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।