মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জানিগাঁও গ্রামের বাসিন্দা আলী হোসেনের ওপর সন্ত্রাসী হামলা ও দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ নভেম্বর দুপুরে জানিগাঁও গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে আলী হোসেনের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটে। গ্রামের অদূরে হাইস্কুলের পাশে নয়া বাড়ির একটি ঘরে ডেকে নিয়ে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে একই গ্রামের সাইদুল মিয়ার ছেলে স্বপন মিয়া। এ সময় তাকে সহায়তা করে মৃত নজরুল ইসলামের ছেলে শাহজাহান মিয়া ও কাঁচা মিয়ার ছেলে শেরন মিয়া।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে আলী হোসেনের সঙ্গে অভিযুক্তদের সম্পর্ক ভালো থাকলেও, হঠাৎ কৌশলে ডেকে নিয়ে দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধস্তাধস্তির এক পর্যায়ে স্বপন মিয়া রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে আলী হোসেনকে। স্বপনের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন। আলী হোসেন বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শাহাব উদ্দিন, আবু কালাম, নাছির মিয়া, সমই মিয়া, আবু বক্কর, আমির উদ্দিন, দেলোয়ার হোসেন, আলীম উদ্দিন, জয়নুল মিয়া, জাহির মিয়া, জমির মিয়া, তোফায়েল আহমদ, জয়তুন নেছা, খাতুন বেগম, হনুফা বেগম প্রমুখ।
আহত আলী হোসেনের মা আফলাতুন নেছা বলেন, আমার ছেলেকে কৌশলে ডেকে নিয়ে স্বপন মিয়া আক্রমণ করেছে। সাথে ছিল শাহজাহান মিয়া ও শেরন মিয়া। আমি এদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
গ্রামবাসী শাহেলা খাতুন বলেন, আমরা শান্তিপ্রিয় মানুষ, মিলেমিশে চলি। কিন্তু এ ধরনের ঘটনায় আমরা আতঙ্কিত।
আয়েশা খাতুন বলেন, আমরা এই সন্ত্রাসী হামলার কঠোর বিচার চাই। নাজিম উদ্দিন বলেন, এই তিনজন সন্ত্রাসীর বিচার না হলে তারা ভবিষ্যতে আরও বড় ঘটনা ঘটাতে পারে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আমির উদ্দিন বলেন, আমরা ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।