মো. এরশাদ, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ৮ নভেম্বর সকালে জেলা ও দায়রা জজ কোর্ট চত্বরে ফলক উন্মোচন ও ফিতা কেটে বিশ্রামাগারটির উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী।
‘ন্যায়কুঞ্জ’-এ রয়েছে মিনি কনফেকশনারি, পুরুষ ও নারীদের জন্য পৃথক টয়লেট, মাতৃদুগ্ধ পান কেন্দ্র, ক্যান্টিন এবং বিশ্রামের জন্য পর্যাপ্ত আসনের ব্যবস্থা।
উদ্বোধন অনুষ্ঠানে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী বলেন, “আদালতে আগত নারী বিচারপ্রার্থীদের যেন বিশ্রামাগারে অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ দেওয়া হয়। আদালতে এসে অনেকে টয়লেট ব্যবহারে বিড়ম্বনায় পড়েন—আশা করি এই উদ্যোগে সেই কষ্ট লাঘব হবে। যে উদ্দেশ্যে ন্যায়কুঞ্জ নির্মাণ করা হয়েছে, সবার সহযোগিতায় তা সফল হবে।”
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. কাওসার আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জহুর আজহার খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন, জেলা জজ কোর্টের পিপি শফিকুল ইসলাম রিপনসহ আদালতের বিচারক ও আইনজীবীরা।