রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও সেচ্ছাচারিতার অভিযোগ তুলে অপসারণের দাবি জানিয়েছেন দশ ইউপি সদস্য।
শনিবার ২৫ অক্টোবর বেলা ১২ টায় উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধনে এ দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জয়নাল আবেদীন লেবু, মুসলিম উদ্দিন ও ফরহাদ হোসেন, ফজলুল হক, আব্দুল গফুর, আনোয়ার হোসেন, মাসুদ রানা, জুয়েল রানা, নুরেজা বেগম ও শাহানাজ বেগম।
মানববন্ধনে ইউপি সদস্যরা অভিযোগ করে বলেন, আমিনুল হক চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর ঈদউল ফিতরের ভি.জিএফ এর চাউল বিতরণ করার সময় ছয় টন চাউল মেলান্দহ গুডাউন থেকেই বিক্রি করে আসেন। ঈদুল আযহার ভিজিএফ এর চাউল কাউকে না জানিয়ে ৫০ কেজি ওজনের ২০ বস্তা চাউল বিক্রি করেছেন।
তারা আরও বলেন, অগ্রিম টাকার বিনিময়ে প্রকল্পের সভাপতি নির্বাচন করেছে। প্রকল্পের বরাদ্দকৃত অর্থের শতকরা হারে যে বেশি টাকা দেবে তাকেই প্রকল্প বাস্তবায়নে সুযোগ দিয়েছে। চলতি অর্থ বছরের প্রকল্পের কাজ আসলে যিনি প্রকল্প নিবেন তাকে বরাদ্দের ৩৫% টাকা প্যানেল চেয়ারম্যানকে অগ্রিম দিতে হবে বলে প্রস্তাব করেন।
ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, ট্যাক্সের টাকা নেওয়া বন্ধ করে দিয়েছে প্যানেল চেয়ারম্যান। আমরা কয়েক মাস থেকে সম্মানি পাচ্ছি না।
ইউপি সদস্য মুসলিম উদ্দিন বলেন, আমরা ইউপি সদস্যরা একত্রিত হয়েছি এই চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। আমরা কোন প্রশাসক চাইনা৷ আমরা দ্বিতীয় প্যানেল চাই।