মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত কর্নেল (অব.) এম. আনোয়ার-উল আজিমের একমাত্র মেয়ে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার গাড়ি বহরে হামলা ঘটনা ঘটেছে। রবিবার ৯ নভেম্বর দুপুর ১টার দিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় সামিরা আজিম দোলা সহ তাঁর অর্ধশত অনুসারী আহত হয়েছেন। সামিরা আজিম দোলা তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় বলেন, হামলাকারীদের উদ্দেশ্য ছিল আমাকে জানে মেরে ফেলার। আমি এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নিকট সুবিচার চাই।
সামিরা আজিম দোলার অনুসারী হাজী জসিম উদ্দিন ও জাহিদুল ইসলাম জানান, গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশের ২৩৭টি সংসদীয় আসনে মনোনয়ন ঘোষণাকালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপি সভাপতি মো. আবুল কালামকে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেন। সম্ভাব্য তালিকায় সামিরা আজিম দোলার নাম না থাকলেও চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় তিনি গত সপ্তাহখানেক থেকে মাঠ পর্যায়ে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মূচি অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় রবিবার ১১টা থেকে তিনি লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের কর্মসূচি শুরু করেন। ইউনিয়নের কেমতলি উঠান বৈঠক শেষে গাড়ি বহর নিয়ে ছনগাঁও যাওয়ার পথে উঠান বৈঠকের নির্ধারিত স্থানে পৌঁছার আগেই আবুল কালামের অনুসারীরা গাড়িবহর আটকে ভাংচুর ও দোলার অনুসারীদের উপর হামলা শুরু করে। এসময় ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, যা চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিমের উপর আঘাত হানে। নেতা-কর্মীরা ঢাল হয়ে দোলাকে রক্ষায় এগিয়ে এলে হামলাকারীরা তাদের উপরও হামলা চালায়। হামলায় বিএনপি নেতা হাজী জসিম উদ্দিন, আবদুল হালিম, নুরু, শামছুল হক, যুবদল নেতা আবুল কাশেম, ফয়সল, জাহিদুল ইসলাম, সাগর, পারভেজ, আলাউদ্দিন, মন্টু, মোরশেদ আলমসহ প্রায় অর্ধশত নেতা-কর্মী আহত হন।
এ সময় সামিরা আজিম দোলার গাড়ি, নেতা-কর্মীদের গাড়ি ও মোটরসাইকেল ভাংচুর করা হয়।
সামিরা আজিম দোলা বলেন, আমার বাবা কর্ণেল আজিম লাকসাম-মনোহরগঞ্জের মানুষের নিকট অনেক জনপ্রিয় নেতা ছিলেন। বাবার জনপ্রিয়তায় নেতা-কর্মীদের ভালোবাসায় আমি এখানে জননেতা তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কারে ৩১দফার লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় রবিবার কান্দিরপাড় ইউনিয়নে কয়েকটি উঠান বেঠকের কথা ছিল। একটি উঠান বৈঠক শেষে অন্যটিতে যাওয়ার পথে বিএনপি’র সম্ভাব্য তালিকায় মনোনয়নপ্রাপ্ত আবুল কালামের নির্দেশনায় ও তার অনুসারী মোশারফ হোসেন মুশুর নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। তাদের উদ্দেশ্য ছিল আমাকে ও আমার অনুসারী হাজী জসিম উদ্দিনকে জানে মেরে ফেলার। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তারা এ ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে আমি আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নিকট সুষ্ঠু বিচার চাই।
সামিরা আজিম দোলা ও তার অনুসারীদের অভিযোগের বিষয়ে মোশারফ হোসেন মুশুর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।