মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর রাবার ড্যাম নিয়ে কৃষকদের মধ্যে দেখা দেয়া উদ্বেগ এখন অনেকটাই কেটে গেছে। রাবার ছিদ্র হওয়ার আশঙ্কা থাকলেও পরীক্ষায় কোনো সমস্যা পাওয়া যায়নি বিধায় স্বস্তিতে হাজারো কৃষক বলে জানিয়েছেন ইজারাদার ও ইউনিয়ন চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ।
সম্প্রতি ইজারা কার্যক্রম চলাকালে শ্রমিকেরা রাবারের উপর দিয়ে নৌকা টেনে নেয়ায় ক্ষতির আশঙ্কা দেখা দেয়। এ নিয়ে স্থানীয় কৃষকরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন।
ইজারাদার হারুন-অর-রশিদ বলেন, আমরা পরীক্ষামূলকভাবে রাবার ফুলিয়ে দেখি কোনো ছিদ্র হয়নি। কৃষকরা এখন নিশ্চিন্ত। এ মৌসুমে আমরা নিজেরাই রাবার ফুলিয়ে দেব, এতে ব্যবস্থাপনা কমিটির প্রায় দেড় লাখ টাকার খরচ বাঁচবে। পাশাপাশি খাসিয়ামারা বালু মহালের মেয়াদ আরো ৩/৪ মাস আমাদের হাতে থাকার পরও কৃষকের কথা চিন্তা করে রাবার ফুলিয়ে পানি সংরক্ষণ করেছি।
স্থানীয় কৃষক ফরহাদ আলম, আব্দুশ শহীদ, সিরাজ মিয়া, মারাজ আলী ও ইকবাল হোসেন বলেন, রাবার ক্ষতিগ্রস্ত হয়েছে সন্দেহে আমরা চিন্তায় ছিলাম। এখন দেখি রাবার ঠিক আছে, কিছু পানি সংরক্ষণও হয়েছে। এতে আমরা স্বস্তি পেয়েছি।
প্রশাসনিক তদন্তেও যদি একই ফলাফল পাওয়া যায়, তবে কৃষকরা পুরোপুরি নিশ্চিন্ত হবেন বলে আশা প্রকাশ করেছেন তারা।
খাসিয়ামারা নদীর রাবার ড্যাম দোয়ারাবাজারের কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এটি সচল থাকলে শুষ্ক মৌসুমে জমিতে পর্যাপ্ত পানি সরবরাহ সম্ভব হবে, যা স্থানীয় কৃষি উৎপাদন বাড়াতে বড় ভূমিকা রাখবে।
দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ জানান,রাবার ড্যাম নিয়ে আমরাও চিন্তিত ছিলাম। কিন্তু কয়েকদিন পূর্বে ইজারাদারের পক্ষ থেকে রাবার ফুলিয়ে পরীক্ষা করে দেখা যায় তেমন কোন ক্ষতি হয়নি। বর্তমানে রাবার ড্যাম ফুলিয়ে পানি সংরক্ষণ করা হয়েছে। বিষয়টি আমরা উর্ধবতন কর্তৃপক্ষকে জানাবো।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত কমিটি গঠন করার পর খাসিয়ামারা বালু মহালের ইজারাদার ও ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ সাহেব তার নিজ খরচে রাবার ড্যাম ফুলিয়ে পরীক্ষা করে দেখা যায় কোন ক্ষতি হয়নি। ফসলের জন্য পানিও সংরক্ষণ করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।