বোদা, পঞ্চগড় : এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের আন্দোলনে ঢাকায় শিক্ষকদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বোদা উপজেলার শিক্ষক ও কর্মচারীবৃন্দের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৩ অক্টোবর বিকেলে পঞ্চগড়ের বোদায় শহীদ মিনারে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে গ্রেফতারকৃত শিক্ষকদের মুক্তি, নির্যাতনের স্বীকার শিক্ষকদের ক্ষতিপূরণের দাবি জানানো হয়। একইসঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচী চলমান রাখার ঘোষণা দেয়া হয় এবং দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার বোদা উপজেলার সকল শিক্ষক ও কর্মচারীদের কালো ব্যাচ ধারনের কর্মসূচী ঘোষণা করে আয়োজক শিক্ষকরা।
এর আগে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এমরান আল আমিন, বেলাল হোসেন, মাওলানা মুজাহিদ রেজাউল ইসলাম, আবু বকর সিদ্দিক ও আশরাফুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ উপস্থিত ছিলেন।