কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কুমিল্লা।
বৃহস্পতিবার ২০ আগস্ট সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি স্লিপার বাসের কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমান ফারসি। তিনি জানান, একটি স্লিপার বাসের প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদোত্তীর্ণ থাকায় বাসটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মহাসড়কে চলাচলকারী আরও কয়েকটি স্লিপার বাসের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
অভিযানকালে বিআরটিএ কুমিল্লার মোটরযান পরিদর্শক তাজুল ইসলাম ও দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
বিআরটিএ কুমিল্লার পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে যানবাহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং ফিটনেসবিহীন ও কাগজপত্রের ত্রুটিপূর্ণ যানবাহনের চলাচল বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।