মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস (এসডিআই)’র উদ্যোগে “গ্রাহক সেবা পক্ষ” উদযাপন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে কোটবাড়ি বুরো প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোমলমতি শিশুদের নিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি । এতে প্রায় ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি এবং আলেখারচর বিশ্বরোড এতিমখানায় ১৬ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিআই’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেদুল ইসলাম, এসডিআই’র সিনিয়র পরিচালক সোহেলিয়া নাজনীন হক, এসডিআই’র নোয়াখালী জোনের জোনাল ম্যানেজার সৈয়দ মোঃ হারুন অর রশিদ,অনুষ্ঠানের সমন্বয়ক মো.রায়হান উদ্দিনসহ সকল আঞ্চলিক ব্যবস্থাপকগণ ও সকল শাখার ব্যাপস্থাপক এবং সদস্য বৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন, “তারুণ্যই একটি জাতির প্রাণশক্তি। তরুণ প্রজন্মকে দক্ষ, সেবামুখী ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে এসডিআই-এর এমন উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং তরুণদের সেবামূলক কাজে সম্পৃক্ত করে।”
অনুষ্ঠানে বক্তারা এসডিআই’র গ্রাহক সেবা কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামী দিনে আরও উন্নয়নমূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান জানান।
শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের হাতে স্মারক ও পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।