মোঃ সোহরাব আলী, তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তেঁতুলিয়ার বাংলা হোটেলের মালিক ব্যবসায়ী মো. আজিজুল হক।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারে অবস্থিত বাংলা হোটেলের কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে আজিজুল হক অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করে দীর্ঘ ২১ বছরের ব্যবসার প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার পরিকল্পনা করছে। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমার হোটেলের খাওয়ার মান ভালো থাকার কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে খাবার খায়। কোন ব্যক্তির সাথে এ যাবর কোন রকমের খারাপ আচরণ করা হয়নি এবং তাদের নিকট থেকে বেশি বিল গ্রহণ করা হয়নি। কিন্তু কিছু ব্যক্তি আমার হোটেলের সুনাম ক্ষুন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে আমার প্রণাম পূর্ণ করতে চায়। তিনি বলেন, মোজাহের ভাই, রানা ভাই ও পারভেজ নামের কয়েকজন ফেসবুকে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করছেন।
তিনি আরো বলেন, “আমি দীর্ঘ ২১ বছর ধরে সুনামের সঙ্গে বাংলা হোটেল পরিচালনা করে আসছি। অথচ এখন আমার ব্যবসা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও পরিকল্পিত ষড়যন্ত্র।”
এসব অপপ্রচারের কারণে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং তিনি মানসিকভাবে চাপে আছেন। এজন্য তিনি প্রশাসনের কাছে অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তেঁতুলিয়া বাংলা হোটেলের কর্মচারী আক্তার হোসেন, রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।