পঞ্চগড় প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার টানানোর অভিযোগে পঞ্চগড়ে ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। মঙ্গলবার ২৩ জুন বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হেলিবোর্ড বাজার সংলগ্ন এলাকায় পোস্টার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে পঞ্চগড় সদর থানায় গত ৩ জুলাই সদর থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার রায় বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোকলেছার রহমান রেজা (৪০), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান সাদিক পাটোয়ারী প্লাবন (৩২), পৌর কৃষক লীগের সভাপতি আকতারুন নাহার সাকী (৫৫), সাধারণ সম্পাদক ও পৌরসভার ৭ নম্বর ওয়র্ডের সাবেক সাইদুর রহমান (৪০), ৫ নম্বর সাবেক কাউন্সিলর ও সভাপতি পৌর যুবলীগ হাসনাত মো হামিদুর রহমান (৩৫), সাধারণ সম্পাদক ফজলুল করিম ওরফে মুন্না (৩৭), সদর উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ লায়ন (৪২), জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম (৪২), জেলা যুবলীগ সদস্য আরিফুল ইসলাম আরিফ (৩৬), পঞ্চগড় সদর ইউপি মৎসজীবী লীগ সভাপতি আনোয়ার হোসেন (৩৪), সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান (২৬), সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব (২০), অমরখানা ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি মো. নাহিদ হাসান কাজল (২৪), সাধারণ সম্পাদক মোঃ বুললা (২৩), অমরখানা ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. জিয়াউর রহমান ডালু (৩২), সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান রঞ্জু (৩৫), পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর (৩০), সদর উপজেলা ধাক্কা মারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মো. মোজাহার হক মেম্বার (৪০), চাকলাহাট ইউপি যুবলীগ সভাপতি কাওছার ইসলাম কাচু (৩৬), জেলা ছাত্রলীগ সদস্য মো. জনি (৩০), জেলা যুবলীগ সদস্য আনারুল (৪০), আনারুল (৪০) এবং , বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোনায়েম প্রধান নিলয় (২৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৩ জুন বিকেল আনুমানিক সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পঞ্চগড় সদর উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের হেলিবোর্ড বাজার সংলগ্ন শিংপাড়া স্কেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের নামফলকের মাঝখানে, পরিত্যক্ত স্কেল লোড অফিসের গেটে এবং লোহার তৈরি ত্রিভুজ আকৃতির ট্রাফিক সিগন্যালের মাঝখানে মোট তিনটি রঙিন পোস্টার আঠা দিয়ে লাগানো হয়েছে।
খবর পেয়ে পঞ্চগড় সদর থানার কর্মকর্তার (ওসি) নির্দেশে এসআই মো. আসাদুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে গিয়ে পোস্টারগুলোর সত্যতা পান। পরে পোস্টারগুলো জব্দ করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, পোস্টারগুলোতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা-এর ছবি এবং নৌকা প্রতীক ব্যবহার করা হয়েছে। এছাড়া পোস্টারে “২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী”, “জয় বাংলা”, “জয় বঙ্গবন্ধু”সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। পুলিশ দাবি করেছে, এসব পোস্টার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রচার ও সমর্থনের উদ্দেশ্যে লাগানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। মামলায় সংশ্লিষ্ট ধারায় তদন্ত শুরু করেছে পুলিশ।
পঞ্চগড় সদর থানার কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার লাগানোর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এজাহারে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।