কুমিল্লা প্রতিনিধি : নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ), কুমিল্লা জেলা শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, নার্সিং পেশার ৪৮ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য অস্বীকার করে প্রশাসনিকভাবে অধিদপ্তর বিলুপ্ত করার প্রস্তাব নার্সদের মর্যাদাহানি এবং দেশের স্বাস্থ্যসেবার জন্য বড় হুমকি। এভাবে চলতে থাকলে নার্সরা মনপ্রাণ দিয়ে রোগীদের সেবা দিতে পারবে না। তাই আত্মমর্যাদা ও পেশাগত সম্মান রক্ষায় এ প্রস্তাব অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)-এর সভাপতি শাহিদা আক্তার, সহ-সভাপতি ডমিনিক তরফদার, সাধারণ সম্পাদক ইসমাত জাহান লুভনা, ন্যাশনাল নার্সেস ফোরামের রবিউল আওয়ালসহ বিএনএ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা দ্রুত এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের স্বতন্ত্র অবস্থান অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।
তারা দাবী জানান প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে স্কুল হেলথ নার্স ও কমিউনিটি হেলথ নার্স–মিডওয়াইফ পদ সৃষ্টি করে নিয়োগ ও পদায়ন করতে হবে।
প্র্যাকটিসিং নার্স ও মিডওয়াইফ তৈরি করে তাদের ইউনিভার্সাল হেলথ কভারেজে সম্পৃক্ত করতে হবে।
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের সনদকে স্নাতক (পাশ) সমমান ঘোষণা করতে হবে।
বিএসসি নার্সিং পাশ নার্সদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে।
নার্স ও মিডওয়াইফদের বেতন বৈষম্য নিরসন, ঝুঁকিভাতা ও সম্মানজনক বেতন কাঠামো প্রণয়ন করতে হবে।
নিয়োগকালীন অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদান করতে হবে বিএসসি ডিগ্রিধারীদের জন্য ১টি, মাস্টার্সদের জন্য ২টি, এবং পিএইচডি ডিগ্রিধারীদের জন্য ৩টি বিশেষ ইনক্রিমেন্ট।
নার্সদের উচ্চতর পদোন্নতি (৯ম থেকে ৪র্থ গ্রেড পর্যন্ত) সুপারনিউমেরারি পদ্ধতিতে নিশ্চিত করতে হবে।
নার্সিং শিক্ষার আধুনিকায়নে স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।
সব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নার্সিং অনুষদের ডিন পদ নার্সিং বিভাগের উচ্চশিক্ষিত অধ্যাপক বা সহযোগী অধ্যাপক দ্বারা পূরণ করতে হবে।
বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত নিয়োগবিধি ও বেতন কাঠামো তৈরি করতে হবে।
অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্সদের চিহ্নিত করে নির্মূল করতে হবে।
জোরপূর্বক আরোপিত নার্সিং ইউনিফর্ম পরিবর্তনের সরকারি সিদ্ধান্ত বাতিল করতে হবে।
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, নার্সিং পেশাকে অবমূল্যায়ন না করে বরং শক্তিশালী করতে হবে, কারণ মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের ভূমিকা অপরিহার্য।