কুমিল্লা প্রতিনিধি : বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম বলেন, কোন একটি অদৃশ্য শক্তি, তৃতীয় শক্তি ধানের শীষের জোয়ার দেখে বিএনপিকে দ্বিধাবিভক্তি করার চেষ্টার অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেন।
তিনি আজ সোমবার সকালে কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলাসহ আহতদের হাসপাতালে দেখার পর তিনি এসব কথা বলেন।
সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান বিএনপির প্রার্থী আবুল কালামসহ জেলা বিএনপির নেতারা।
এ সময় তিনি সামিরা আজিম দোলাসহ আহত অন্যন্যদের খোঁজ নিয়ে সকলের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি হামলায় জড়িত সকল দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা দক্ষিণ বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান আমিরসহ দক্ষিণ জেলা, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার ৯ নভেম্বর দুপুরে লাকসামের ছনগাঁও এলাকায় গণসংযোগকালে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলা করে দুর্বৃত্তরা। এতে অন্তত ১০ জন আহত হন। এ দিন সন্ধ্যায় এই হামলার নিন্দা জানিয়ে ভিডিও বার্তা দেন বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম। তিনি বলেন, এটি নির্বাচন বানচাল করতে একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকারীদের ৭২ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে প্রশাসনকে অনুরোধ করেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।