পঞ্চগড় প্রতিনিধি : পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের একটি অংশ হলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সেই ইশতেহারের অংশ হিসেবে যখন বিএনপি সরকার কাজ শুরু করেছে, ঠিক তখন ক্রেডিট নেয়ার জন্য জামায়াতসহ ১১ দল এই বিষয়ে আন্দোলনের কথা বলছেন। মুলত স্ট্যান্ডবাজি করতেই ১১ দল এসব আন্দোলনের কথা বলছে।
প্রতিমন্ত্রী আজাদ বলেন, বিএনপি বিরোধী দলে থাকার সময় তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ ও নির্দেশনায় “বাঁচাও বাহে তিস্তা বাচাই’ স্লোগানকে ধারণ করে আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে এই আন্দোলন শুরু হয়েছিল। তিস্তা নিয়ে বিএনপি যখন কাজ শুরু করে তখন এসব দলের কোনো অস্তিত্ব ছিল না, এই তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্ন ছিল না, এ সব হলো রাজনৈতিক স্ট্যান্ডবাজি। স্ট্যান্টবাজির রাজনীতি আর বাংলাদেশে চলবে না।
শুক্রবার ১০ জুলাই দুপুর ১২টার সময় ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের আওতায় জেলা পরিষদ পঞ্চগড়ের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ৩০ লক্ষ টাকা ব্যয়ে পঞ্চগড়- নীলফামারী সীমান্তে পঞ্চগড় গেইট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন কার্যক্রম শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।
একই সাথে অচিরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু এবং তা বাস্তবায়ন হবে বলেও জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এ দিকে প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড়ের ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে এবং আপামর জনসাধারণের দাবির প্রেক্ষিতে এই পঞ্চগড় গেট নির্মাণ করা হচ্ছে।
পঞ্চগড় গেটের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।