রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুরে ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে উত্তেজনার সৃষ্টি হয়েছে।এলাকাবাসীর বাধার মুখে বালুবোঝাই ট্রলার নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেছেন সংশ্লিষ্ট বালু উত্তোলন কারীরা।শুক্রবার দুপুরের দিকে কোদাল কাটির স্থানীয় জনতা জোট বেঁধে নদীর তীরে অবস্থান করে বালি ভর্তি ট্রলারটি রুখে দেয়।
সাজাই গ্রামের আকবর আলি, শামীম, আলী আজগর জানান, এমনিতেই নদী ভাঙ্গনে তাদের গ্রামের বাড়িঘর ভেঙ্গে যাচ্ছে। সারাদিন ট্রলার চলাচল করায় নদী ভাঙ্গনের তীব্রতা বেড়ে গেছে।
বালু খেকোদের নিষেধ করা হলেও তা মানছে না প্রশাসনকে অভিযোগ দিয়েও কাজ হচ্ছে না। তাই আমরা গ্রামবাসী নদীর তীরে অবস্থান করে প্রতিরোধের চেষ্টা করছি।
স্থানীয়দের আরও অভিযোগ করে বলেন, প্রতিবছরের মতো চলতি বছরও ব্রহ্মপুত্র নদ থেকে একটি চক্র চিলমারী থেকে ট্রলারের মাধ্যমে বালু উত্তোলন করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। তাদের দাবি, অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের কারণে নদীর নাব্যতা, তীর সংরক্ষণ ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে এবং নদীর বাম তীরে ভাঙনের ঝুঁকি বেড়েছে।
এমতাবস্থায় স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে বালু বহনকারী একটি ট্রলার আটকে দেয়ার চেষ্টা করলে ট্রলারটি ঘটনাস্থল থেকে সরে যায়। ফলে এলাকাবাসী ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধের দাবি জানান। প্রশাসন পদক্ষেপ না নিলে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে এলাকার সুধীজন মনে করছেন।
চর রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সরকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান জানান, অভিযোগ পাইনি। পাইলে ব্যবস্থা নেয়া হবে।